এই গরমে সুস্থ থাকতে যে খাবার খেতে হবে

প্রচণ্ড গরমে শরীর অসুস্থ হওয়ার আশঙ্কা বাড়ছে। বিশেষ করে যারা দিনের বেলায় রোদে বেশি সময় কাটাচ্ছেন, তারা হিট স্ট্রোকের ঝুঁকিতে রয়েছেন। তীব্র গরমে শরীর সহজেই ডিহাইড্রেটেড হয়ে যেতে পারে, যার ফলে পেট খারাপ ও ডায়রিয়ার মতো সমস্যাও দেখা দিচ্ছে। এ সময় খাদ্যাভ্যাসে সতর্কতা অবলম্বন না করলে শারীরিক জটিলতা বাড়তে পারে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা।

গরমে যেসব খাবার এড়িয়ে চলা উচিত

পুষ্টিবিদরা বলছেন, গরমে শরীরের পানিশূন্যতা রোধে লেবুর শরবত খুবই উপকারী হলেও অতিরিক্ত লবণ ও নোনতা স্ন্যাকস খাওয়া উচিত নয়। কারণ এসব খাবার শরীরের রক্তচাপ বাড়িয়ে হিট স্ট্রোকের ঝুঁকি সৃষ্টি করতে পারে।

তাছাড়া চা, কফি ও অ্যালকোহল জাতীয় পানীয় এ সময় শরীরকে আরও ডিহাইড্রেট করে ফেলতে পারে। মসলা ও তেল-ঝালযুক্ত খাবারও যতটা সম্ভব পরিহার করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। চপ, শিঙাড়া, কাটলেট, ফ্রায়েড চিকেনের মতো তেলেভাজা খাবার গরমে খাদ্য বিষক্রিয়ার ঝুঁকি তৈরি করতে পারে। সেই সঙ্গে রোদে বের হলে এনার্জি ড্রিংকস খাওয়াও এ সময় এড়িয়ে চলা উচিত।

গরমে যেসব খাবার খাওয়া উচিত

গরমে শরীর ঠান্ডা রাখা ও হাইড্রেশন বজায় রাখার জন্য কিছু বিশেষ খাবার খাওয়ার পরামর্শ দিচ্ছেন পুষ্টিবিদরা। পান্তা ভাত, ডাবের পানি এবং টক দই গরমে দারুণ উপকারী। ডাবের পানি শরীরের ইলেকট্রোলাইটের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এবং তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখে। টক দই শরীর ঠান্ডা রাখতে সহায়ক।

এছাড়া গ্রীষ্মকালীন ফল যেমন তরমুজ, শসা, জামরুল, বেল ইত্যাদি শরীরে প্রচুর পানি সরবরাহ করে, যা হিট স্ট্রোকের ঝুঁকি কমায়। পাশাপাশি মৌসুমি শাকসবজি, যেমন লাউ ও কুমড়োও গরমে শরীর সুস্থ রাখতে কার্যকর।

পরামর্শ

তীব্র গরমে শরীর সুস্থ রাখতে হলে শুধু বাহ্যিক সুরক্ষা নয়, অভ্যন্তরীণ দিক থেকেও সতর্কতা অবলম্বন জরুরি। সঠিক খাদ্যাভ্যাস গরমের অসুস্থতা থেকে আপনাকে বাঁচাতে পারে।

তথ্যসূত্র: এই সময়

Leave a Reply