ঠোঁটের কালচে ভাব দূর করবে প্রাকৃতিক বিটরুট

ঠোঁটের সৌন্দর্য মুখাবয়বের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। ঠোঁট যদি রুক্ষ বা কালচে হয়ে যায়, তা শুধু সৌন্দর্যেই ছাপ ফেলে না, আত্মবিশ্বাসেও প্রভাব ফেলে। বিশেষ করে শীতকালে ঠোঁট ফাটার সমস্যা তো প্রায় সবারই। এই সমস্যাগুলোর সমাধান হতে পারে একেবারেই ঘরোয়া এবং প্রাকৃতিক একটি উপাদানে—বিটরুটে।

বিটরুটে রয়েছে উচ্চমাত্রার ভিটামিন সি, যা ত্বকের যত্নে অত্যন্ত কার্যকর। এটি ঠোঁটের কালচে ভাব দূর করে ঠোঁট করে তোলে উজ্জ্বল ও প্রাণবন্ত। ঠোঁটে বিটরুট ব্যবহারের একটি সাধারণ ও কার্যকর উপায় হলো, বিটরুট পেস্ট করে তার সঙ্গে সামান্য চিনি ও নারকেল তেল মিশিয়ে ব্যবহার করা। এই মিশ্রণটি ঠোঁটে স্ক্রাব হিসেবে কাজ করে, ফলে মৃত কোষ দূর হয় এবং ঠোঁট হয় মসৃণ।

আরও একটি জনপ্রিয় পদ্ধতি হলো বিটরুটের রসের সঙ্গে সামান্য লেবুর রস মিশিয়ে ঠোঁটে লাগানো। এতে ঠোঁট শুধু নরম হয় না, বরং ঠোঁটে ফিরে আসে একটি প্রাকৃতিক গোলাপি আভা। এই আভা এক ধরনের প্রাকৃতিক লিপস্টিকের মতো কাজ করে, যা একেবারেই ক্ষতিকর রাসায়নিক মুক্ত।

অনেক সময় পুরুষ বা নারীদের ঠোঁট জন্মগতভাবেই একটু গাঢ় রঙের হয়ে থাকে। তাদের জন্য এই বিটরুট নির্ভর ঘরোয়া প্রতিকার বিশেষভাবে উপকারী হতে পারে। এটি শুধু ঠোঁটের রং উজ্জ্বল করে না, বরং ঠোঁট ফাটার সমস্যারও কার্যকর সমাধান দিতে সক্ষম। বিটরুট একটি প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে। বিটরুটের রসের সঙ্গে দুধের সর এবং গোলাপজল মিশিয়ে ঠোঁটে লাগালে ঠোঁট থাকে হাইড্রেট এবং শীতের রুক্ষতাও সহজে কাছে ঘেঁষতে পারে না।

যারা একটু মজাদার কৌশল পছন্দ করেন, তাদের জন্যও আছে সহজ পদ্ধতি। একটি টুকরো বিটরুট ফ্রিজে রেখে ঠান্ডা করে ঠোঁটে ঘষলে তা ঠোঁটে এনে দেয় এক প্রাকৃতিক গোলাপি রঙের আভা। অনেকেই এই প্রক্রিয়াটি প্রতিদিনের রূপচর্চার অংশ হিসেবে গ্রহণ করেছেন।

শুধু রূপচর্চায় নয়, বিটরুট স্বাস্থ্য সচেতনদের খাদ্যতালিকায়ও জায়গা করে নিয়েছে। সালাদে ব্যবহার তো আছেই, কেউ কেউ এটিকে মাছ বা গরুর মাংসের রান্নায়ও ব্যবহার করে থাকেন।

সবমিলিয়ে বলা যায়, বিটরুটের মতো সহজলভ্য একটি প্রাকৃতিক উপাদান দিয়েই ঠোঁটের যত্ন নেওয়া যায় একদম ঘরে বসেই। সৌন্দর্য সচেতন যে কেউ চাইলে এই উপায়গুলো নিয়মিত প্রয়োগ করে ফিরে পেতে পারেন উজ্জ্বল, নরম ও আকর্ষণীয় ঠোঁট।

তথ্যসূত্র: দৈনিক জনকণ্ঠ

Leave a Reply