যে তিনটি পদ্ধতি ব্যবহার করে ভোট দিতে পারবেন প্রবাসীরা

নির্বাচন কমিশন প্রবাসী বাংলাদেশীদের জন্য ভোটিং ব্যবস্থা চালুর লক্ষ্যে তিনটি সম্ভাব্য পদ্ধতি নিয়ে কাজ করছে। সম্প্রতি কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ এক ব্রিফিংয়ে জানান, পোস্টাল ব্যালট, অনলাইন ভোটিং এবং প্রক্সি ভোটিং – এই তিনটি পদ্ধতির মধ্যে থেকে এক বা একাধিক পদ্ধতি বেছে নেওয়া হতে পারে। তবে কমিশন একক কোন পদ্ধতির দিকে না গিয়ে মিশ্র পদ্ধতি অনুসরণের সম্ভাবনাও পরীক্ষা করছে।

এ ব্যাপারে কমিশনার সানাউল্লাহ স্পষ্টভাবে উল্লেখ করেন, “আমাদের লক্ষ্য হচ্ছে প্রবাসী ভোটিং ব্যবস্থার সূচনা করা। শুরু করতে পারলেই ধীরে ধীরে এটি পরিপক্ব হবে। তবে আমরা এমন কোন ঝুঁকিপূর্ণ পদ্ধতি চালু করব না যাতে প্রক্রিয়াটি প্রথমেই ব্যর্থতার মুখ দেখে। প্রতিটি পদক্ষেপই আমরা গভীরভাবে বিবেচনা করে নেব।”

এছাড়া, প্রবাসীদের ভোটিং প্রক্রিয়া শুরুর জন্য প্রথমেই তাদের নিজ নিজ অবস্থানরত দেশ থেকে রেজিস্ট্রেশন করতে হবে। তবে, বাংলাদেশে অবস্থানরত প্রবাসীরা এই সুবিধার আওতায় পড়বেন না। নির্বাচন কমিশন ইতিমধ্যে এই পদ্ধতিগুলোর কার্যকারিতা যাচাই করতে মব টেস্টিং শুরু করেছে। এর পাশাপাশি একটি এডভাইজরি পরিষদ গঠন করা হবে, যারা প্রতিটি পদ্ধতির ইতিবাচক ও নেতিবাচক দিক বিশ্লেষণ করবে।

এডভাইজরি পরিষদের রিপোর্ট পাওয়ার পর রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করা হবে এবং তারপর চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। বর্তমানে প্রায় ১.২ কোটি প্রবাসী বাংলাদেশী ভোটাধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। এই উদ্যোগ সফল হলে বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে নতুন এক অধ্যায় যুক্ত হবে বলে বিশ্লেষকরা মনে করছেন।

তথ্য সূত্র: দৈনিক ইত্তেফাক

Leave a Reply