বাউফলে অগ্নিকান্ডে একটি বসতঘর সম্পূর্ণ ভস্মিভূত

পটুয়াখালীর বাউফল উপজেলার সদর ইউনিয়নের যৌতা গ্রামে ফকু হাওলাদারের বাড়িতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে ঘটে যাওয়া এই অগ্নিকান্ডে একটি বসতঘর সম্পূর্ণ ভস্মিভূত হয়ে গেছে। এতে নগদ টাকা, মালামাল ও একটি অটো গাড়ি পুড়ে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ঘরের চারদিকে ছড়িয়ে পড়ে এবং নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। স্থানীয়রা প্রাণপণ চেষ্টা চালিয়েও আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হন।

খবর পেয়ে বাউফল ফায়ার সার্ভিস স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু সরু রাস্তার কারণে ফায়ার সার্ভিসের গাড়িগুলো ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। একজন ফায়ারফাইটার জানান, “রাস্তাঘাট সরু হওয়ায় আমাদের গাড়িগুলো ঘটনাস্থলে ঢুকতে পারেনি, তাই বাধ্য হয়ে ফিরে আসতে হয়েছে।”

অগ্নিকান্ডে ফকু হাওলাদারের একটি ব্যাটারিচালিত অটো গাড়ি, একটি গরু বিক্রির নগদ প্রায় ৫ লাখ টাকা এবং অন্যান্য আসবাবপত্রসহ সমস্ত মালামাল পুড়ে যায়। হঠাৎ এই দুর্ঘটনায় পরিবারটি মারাত্মক ক্ষতির মুখে পড়েছে এবং তারা এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন।

এই অগ্নিকান্ডে প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি, তবে ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে এলাকাবাসীর মধ্যে শোক ও উদ্বেগের ছায়া নেমে এসেছে।

তথ্যসূত্র: দৈনিক জনকণ্ঠ

Leave a Reply