শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা ২০২৫

শিক্ষাজীবনের প্রথম গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষা এসএসসি শুরু হচ্ছে আগামী বৃহস্পতিবার। এবার ফেব্রুয়ারি মাসের পরিবর্তে এপ্রিল মাসে অনুষ্ঠিত হচ্ছে এ পরীক্ষা। এটি অন্তর্বর্তী সরকারের সময়কালে আয়োজিত প্রথম পাবলিক পরীক্ষা হিসেবেও বিবেচিত হচ্ছে।

সারাদেশের ১১টি সাধারণ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এবারের পরীক্ষায় অংশ নেবে ১৯ লাখ ২৮ হাজার পরীক্ষার্থী। কেন্দ্রগুলোতে ইতোমধ্যেই পৌঁছে গেছে উত্তরপত্রসহ প্রয়োজনীয় আনুষাঙ্গিক সামগ্রী। পরীক্ষার্থীদের জন্য বসানো হয়েছে সিট নম্বর এবং কেন্দ্রে নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। কেন্দ্র সংশ্লিষ্ট কর্মকর্তারা ব্যস্ত সময় পার করছেন শেষ মুহূর্তের প্রস্তুতিতে।

আন্তশিক্ষা বোর্ড জানায়, নানা চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রশ্ন ফাঁস রোধে কঠোর নজরদারি রয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেকোনো গুজব ও অপপ্রচার ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছে।

বিশেষভাবে লক্ষ্যণীয়, গত জুলাই মাসের গণঅভ্যুত্থানে আহত বেশ কয়েকজন শিক্ষার্থীও এবার এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। তাদের শারীরিক অবস্থার কথা বিবেচনায় রেখে প্রয়োজন সাপেক্ষে বিশেষ সুবিধা প্রদানের ব্যবস্থা রাখা হয়েছে। আহত শিক্ষার্থীদের প্রয়োজন অনুযায়ী পরীক্ষা চলাকালীন সময় যেসব সহায়তা দরকার, তা নিশ্চিত করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

শিক্ষাবিদরা জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের এই প্রথম পাবলিক পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে গুজব প্রতিরোধসহ যেকোনো অপতৎপরতা রোধে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন।

এছাড়া এবারের এসএসসি পরীক্ষা হবে পূর্ণ নম্বর এবং পূর্ণ সময়ের ভিত্তিতে। পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে আগামী ১৩ মে পর্যন্ত সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা বোর্ড।

তথ্যসূত্র: দৈনিক জনকণ্ঠ

Leave a Reply