জিম্বাবুয়ের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজ খেলার অপেক্ষায় টাইগাররা


সাম্প্রতিক সময়ের আন্তর্জাতিক ব্যর্থতা পেছনে ফেলে ঘুরে দাঁড়াতে এক অনন্য সুযোগ পাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ সামনে রেখে ইতোমধ্যেই অনুশীলন শুরু করেছেন টাইগাররা। রবিবার (১৩ এপ্রিল) সিলেটে জাতীয় দলের ক্যাম্প শুরু হয়েছে।

প্রথম দিনের অনুশীলনে সিলেটে অংশ নিয়েছেন ৮ জন ক্রিকেটার। তারা হলেন—নাজমুল হোসেন শান্ত, তাইজুল ইসলাম, মুমিনুল হক, মাহিদুল ইসলাম অঙ্কন, মুশফিকুর রহিম, নাহিদ রানা, খালেদ আহমেদ এবং হাসান মাহমুদ।

চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হওয়ার পর এখনও কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেনি বাংলাদেশ। সেই সময় থেকে জাতীয় দলের ক্রিকেটাররা অংশ নিচ্ছেন ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল)। এবার তারা আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজ দিয়ে।

প্রথম দিনের অনুশীলন ক্যাম্পে উপস্থিত ছিলেন প্রধান কোচ ফিল সিমন্স এবং সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনসহ কোচিং প্যানেলের অন্যান্য সদস্যরা। দলের বাকি ক্রিকেটাররা রাতের মধ্যেই ক্যাম্পে যোগ দেবেন বলে জানা গেছে।

আগামী ১৫ এপ্রিল বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে জাতীয় দল। সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ২০ এপ্রিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৮ এপ্রিল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে।

জিম্বাবুয়ের বিপক্ষে এই সিরিজ বাংলাদেশের জন্য কেবল ঘরের মাঠে জয়ের সুযোগ নয়, বরং এটি হতে পারে আত্মবিশ্বাস ফিরে পাওয়ার এক মোক্ষম মঞ্চ। শান্ত-মুশফিকদের জন্য এই সিরিজ আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের পুনঃপ্রতিষ্ঠা করার সুযোগ হিসেবেই দেখা হচ্ছে।

তথ্যসূত্র: দৈনিক জনকণ্ঠ

Leave a Reply