জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজের প্রথম টেস্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার (৮ এপ্রিল) ঘোষিত এই দলে সবচেয়ে বড় চমক তরুণ পেসার তানজিম হাসান সাকিবের অন্তর্ভুক্তি। প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন ২২ বছর বয়সি এই ডানহাতি পেসার।
তানজিমের জায়গা হলেও বাদ পড়েছেন অভিজ্ঞ পেসার এবাদত হোসেন। যদিও তিনি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শেষ দিকে ছিলেন দুর্দান্ত ফর্মে এবং জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তাকে প্রস্তুত থাকতে বলেছিলেন।
তানজিমকে দলে অন্তর্ভুক্তির পেছনে যুক্তি দিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। তিনি বলেন, “তানজিমকে আমরা পেস বোলিং ইউনিটে দেখতে চাই। সাদা বলে সে ইতোমধ্যেই ভালো প্রতিশ্রুতি দেখিয়েছে। তার বলে গতি আছে, উইকেট নেয়ার সামর্থ্য আছে। এসব বিবেচনায় তাকে টেস্টে অন্তর্ভুক্ত করা হয়েছে।”
তানজিম সাকিব এর আগে বাংলাদেশের হয়ে ১০টি ওয়ানডে এবং ১৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। এছাড়া ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে তার ম্যাচ সংখ্যা ১৬টি। আগ্রাসী ও গতি সম্পন্ন বোলার হিসেবে পরিচিত তানজিমকে নিয়েই এবার টেস্ট বোলিং আক্রমণ সাজানোর পরিকল্পনা করছে টিম ম্যানেজমেন্ট।
অন্যদিকে, এবাদতের দল থেকে বাদ পড়া নিয়ে লিপু বলেন, “আমরা এখনও এবাদতকে পর্যবেক্ষণে রেখেছি। তার ফিটনেস ট্রেইনার ও ফিজিও বায়েজিদের সঙ্গে সমন্বয় করে তার বর্তমান অবস্থা মূল্যায়ন করা হবে।”
এদিকে ইনজুরির কারণে দুই টেস্টের সিরিজে থাকছেন না আরেক গুরুত্বপূর্ণ পেসার তাসকিন আহমেদ। সেই সঙ্গে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অংশগ্রহণ করায় পুরো সিরিজ থেকেই ছিটকে গেছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন দাস।
উল্লেখ্য, সিলেটে ২০ এপ্রিল শুরু হবে প্রথম টেস্ট ম্যাচ। এরপর দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে চট্টগ্রামে, ২৮ এপ্রিল থেকে।
তথ্যসূত্র: দৈনিক জনকণ্ঠ
বিডি রেজিস্টার ২৪ ঘণ্টা বাংলার খবর