কক্সবাজারের রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়ন থেকে ১৯৭১ সালের মানবতাবিরোধী অপরাধ মামলায় ফাঁসি হওয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মরহুম সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে দেওয়া মিথ্যা সাক্ষ্যদাতা নুরুল আবছারকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
জানা গেছে, দীর্ঘদিন আত্মগোপনে থাকা নুরুল আবছার রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড এলাকার ফরিদ নামের এক ব্যক্তির বাড়িতে অবস্থান করছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে স্থানীয়রা ওই বাড়ি ঘেরাও করে তাকে আটক করে রামু থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
কাউয়ারখোপ ইউনিয়ন বিএনপির আহবায়ক এনামুল হক বলেন, “স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আমরা এলাকাবাসী নিয়ে তার অবস্থানস্থল ঘেরাও করি এবং পরে তাকে আটক করে পুলিশের হাতে তুলে দিই।” তিনি আরও জানান, আটক নুরুল আবছার চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার চন্দনপুরা এলাকার মৃত কাজী মো: জাবেদের ছেলে। জিজ্ঞাসাবাদে নুরুল আবছার স্বীকার করেছেন যে, তিনি সালাউদ্দিন কাদের চৌধুরীর মামলার ১০ নম্বর মিথ্যা সাক্ষ্যদাতা ছিলেন।
এ বিষয়ে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমন কান্তি চৌধুরী বলেন, “রাঙ্গুনিয়া থানায় তার বিরুদ্ধে মামলা আছে কি না, তা যাচাই করে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধের মামলায় সালাউদ্দিন কাদের চৌধুরী ২০১৫ সালে ফাঁসির দণ্ডে দণ্ডিত হন এবং দণ্ড কার্যকর হয়। মামলার সাক্ষ্যপ্রমাণ নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলে আসছিল। এরমধ্যে অভিযুক্ত মিথ্যা সাক্ষ্যদাতাদের বিষয়টি পুনরায় আলোচনায় এসেছে।
তথ্যসূত্র: দৈনিক জনকণ্ঠ
বিডি রেজিস্টার ২৪ ঘণ্টা বাংলার খবর