ওবায়দুল কাদেরকে দেখা গেল কলকাতায়

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক সড়ক, পরিবহন ও সেতু মন্ত্রী এবং দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ভারতের কলকাতার অ্যাপোলো হাসপাতালে দেখা গেছে বলে দাবি করা হয়েছে।

গতকাল শুক্রবার (১১ এপ্রিল) সন্ধ্যায় ডিজিটাল সংবাদমাধ্যম সকাল সন্ধ্যার সম্পাদক গাজী নাসির উদ্দীন আহমেদ তাঁর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এই তথ্য প্রকাশ করেন।

গাজী নাসির উদ্দীন জানান, তাঁর এক বন্ধু চিকিৎসার জন্য কলকাতার অ্যাপোলো হাসপাতালে গিয়েছিলেন। সেখানে তিনি এন্ডোক্রাইনোলজিস্ট ডা. শ্যামাশীষ ব্যানার্জির জন্য অপেক্ষা করছিলেন। এ সময় তাঁর চোখে পড়ে এক পরিচিত মুখ।

ফেসবুক পোস্টে নাসির উদ্দীন লেখেন, “ডাক্তারের রুম বন্ধ। ডাক্তারের ফোনও বন্ধ। ডাক্তারের সহকারী বলেছেন, স্যার লাঞ্চে। ঘণ্টার মতো অপেক্ষার পর রুমের কপাট খুলল। আকাশি রঙের টি-শার্ট ও প্যান্ট পরা এক ভদ্রলোক বের হলেন। লোকটাকে চিনে ফেলে ও যেই না বলছে, ‘ওবায়দুল কাদের না!’ ভদ্রলোক সঙ্গে সঙ্গে মাস্ক মুখে দিয়ে হন হন করে হেঁটে চলে গেলেন।”

তিনি আরো লেখেন, “আমার বন্ধু বলছে, ‘পুরা চকচক করতেছিলেন স্যার’। দেখে মনে হয়েছে, তিনি সুস্থ আছেন।”

গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ওবায়দুল কাদেরের অবস্থান নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দেয়। অন্যান্য অনেক শীর্ষ নেতা সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তা দিলেও, ওবায়দুল কাদেরের কোনো বক্তব্য বা ছবি সামনে আসেনি। ফলে গুঞ্জনের ডালপালা বিস্তার করে।

এর মধ্যেই গত বছরের শেষ দিকে তিনি ভারতে চলে গেছেন বলে নানা মহলে আলোচনা শুরু হয়। তবে তার কোনো নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি। এবার প্রথমবারের মতো তাঁকে প্রকাশ্যে দেখার দাবি করলেন একজন প্রত্যক্ষদর্শী।

ওবায়দুল কাদের সত্যিই কলকাতার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসার জন্য গিয়েছিলেন কি না—তা এখনো সরকারিভাবে নিশ্চিত হয়নি। তবে তাঁর অনুপস্থিতি ও রহস্যজনক নীরবতার প্রেক্ষাপটে এই ঘটনাটি জনমনে নতুন করে কৌতূহল সৃষ্টি করেছে।

তথ্যসূত্র: কালের কণ্ঠ

Leave a Reply