ওবামার সঙ্গে বিচ্ছেদ নিয়ে যা বললেন মিশেল ওবামা

সাবেক মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা জানিয়েছেন, তিনি এখন নিজের মঙ্গলের দিকে মনোযোগ দিচ্ছেন এবং জীবনের ওপর নিয়ন্ত্রণ ফিরে পেতে সচেতনভাবে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছেন। তাই তিনি জনসম্মুখে ও রাজনৈতিক নানা অনুষ্ঠানে উপস্থিতি অনেকটাই কমিয়ে দিয়েছেন। সম্প্রতি মার্কিন অভিনেত্রী সোফিয়া বুশের পডকাস্ট *ওয়ার্ক ইন প্রোগ্রেস*–এ অংশ নিয়ে তিনি এ বিষয়ে খোলামেলা আলোচনা করেন।

ওই পডকাস্টে মিশেল ওবামা স্পষ্টভাবে জানিয়ে দেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে তার বিবাহবিচ্ছেদের কোনো প্রশ্নই ওঠে না। বরং তিনি বলেন, ‘‘এই বছর অনেকেই ধরে নিয়েছিল আমি এবং আমার স্বামী বিচ্ছেদের পথে হাঁটছি। কিন্তু তারা বুঝতে পারেনি, আমি নিজের জীবনের জন্য একটি পছন্দ বেছে নিয়েছি।’’

মিশেল আরও বলেন, “বছর কয়েক আগেই এমন কিছু সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল, কিন্তু আমি নিজেকে সেই স্বাধীনতা দিতে পারিনি। আমি সবসময় আমার সন্তানদের অগ্রাধিকার দিয়েছি এবং তাদের জীবনকেই নিজের সিদ্ধান্ত না নেওয়ার অজুহাত হিসেবে ব্যবহার করেছি।”

সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও মিশেল ওবামার দুই কন্যা সন্তান বর্তমানে প্রাপ্তবয়স্ক। ফলে মিশেল এখন নিজের অগ্রাধিকার পুনর্মূল্যায়নের স্বাধীনতা পেয়েছেন বলে জানান। তিনি বলেন, “আমি নিজের জন্য একটি ক্যালেন্ডার তৈরি করেছি, যেটা এ বছরই প্রথম করেছি। আমি এখন যা ভালো মনে করি, শুধু সেটাই করব। অন্যরা কী চায়, তার ওপর আমার সিদ্ধান্ত নির্ভর করবে না।”

চলতি বছরের শুরুতে হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের অভিষেক অনুষ্ঠান ও সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টারের অন্ত্যেষ্টিক্রিয়ায় মিশেল ওবামার অনুপস্থিতি বিভিন্ন মহলে নানা জল্পনার জন্ম দেয়। অনেকেই ধারণা করেন, বারাক ওবামার সঙ্গে তার সম্পর্কে টানাপড়েন চলছে। তবে এসব জল্পনার কোনো ভিত্তি নেই বলে সাফ জানিয়ে দেন তিনি।

মিশেল ওবামা বলেন, “বড় বড় অনুষ্ঠান থেকে দূরে থাকার পেছনে রয়েছে নিজের যত্ন নেওয়ার বিষয়টি। আমি এখন এমন সিদ্ধান্ত নিচ্ছি যেগুলো আমার মনের কাছাকাছি এবং আমাকে ভালো রাখে।”

তিনি আরও বলেন, “অনেক নারী নিজের অগ্রাধিকার ঠিক করতে গিয়ে দ্বিধায় ভোগেন। আমি মনে করি, একজন নারী হিসেবে আমরা প্রায়শই হতাশাগ্রস্ত মানুষের মতো লড়াই করছি।”

জনসম্মুখ থেকে কিছুটা দূরে থাকলেও মিশেল ওবামা এখনো নানা গুরুত্বপূর্ণ কর্মকাণ্ডে যুক্ত। তিনি বিভিন্ন অনুষ্ঠান ও প্রকল্পে অংশ নিচ্ছেন এবং বিশেষ করে মেয়েদের শিক্ষার জন্য কাজ চালিয়ে যাচ্ছেন।

বারাক ওবামা ও মিশেল ওবামা দীর্ঘ ৩২ বছর ধরে সুখী দাম্পত্য জীবন অতিবাহিত করছেন। তাদের সংসারে রয়েছে দুই কন্যা সন্তান। সাবেক এই ফার্স্ট লেডির বক্তব্যে স্পষ্ট, ব্যক্তিগত সিদ্ধান্ত গ্রহণে তিনি এখন অনেক বেশি স্বাধীন এবং আত্মনির্ভরশীল।

তথ্যসূত্র: বাংলা নিউ ইয়র্ক

Leave a Reply