এফডিসি পরিদর্শন করলেন তথ্য উপদেষ্টা মাহফুজ

আজ মঙ্গলবার দুপুরে প্রথমবারের মতো বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) পরিদর্শন করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম। এই পরিদর্শনের সময় তিনি বিএফডিসির বিভিন্ন শুটিং ফ্লোর ঘুরে দেখেন এবং এখানে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সাথে কথা বলেন। পরিদর্শনকালে মাহফুজ আলম বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালকসহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন এবং এফডিসির বিভিন্ন দপ্তর ও শিল্পী সমিতির অফিসেও যান।

শিল্পী সমিতিতে তথ্য উপদেষ্টাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান চলচ্চিত্রের বরেণ্য অভিনয়শিল্পী আনোয়ারা। এ সময় এফডিসির এমডি মাসুমা রহমান তানি, চিত্রনায়ক নাঈম, অভিনয়শিল্পী আলীরাজ, সুব্রত, রুমানা ইসলাম মুক্তি, শিবা শানু প্রমুখ উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে জহির রায়হান মিলনায়তনে মাহফুজ আলম তার পরিকল্পনা ও ভবিষ্যৎ লক্ষ্য সম্পর্কে উপস্থিত সকলকে অবহিত করেন।

মাহফুজ আলম এফডিসিকে একটি কম্পোজিট ফিল্ম সিটি হিসেবে গড়ে তোলার গুরুত্ব তুলে ধরে বলেন, “এফডিসির সম্ভাবনা অনেক। এখানে যে সুযোগ-সুবিধাগুলো আছে, তা প্রায় যেকোনো রাষ্ট্রের ফিল্ম সিটির মতো। আমি মনে করি, এফডিসি যদি কম্পোজিট ফিল্ম সিটি হয়ে ওঠে, তবে এখানে শুটিং, এডিটিং, ডাবিংসহ সব কাজ এক জায়গায় হবে। এটি চলচ্চিত্র শিল্পের জন্য বড় একটি সুবিধা হবে।”

তিনি আরও জানান, “এফডিসির উন্নতি না হলে এখানে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের প্রণোদনা এবং বেতন-ভাতাও সম্ভব হবে না। আমি আমার দায়িত্বকালে এফডিসিকে লাভজনক এবং উন্নত করার লক্ষ্যে কাজ করব।”

এফডিসিতে চলমান প্রকল্পগুলোর ব্যাপারে তিনি বলেন, “এফডিসি এবং কবিরপুর ফিল্ম সিটিতে দুটি প্রকল্প চলছে। আমরা চেষ্টা করব এ প্রকল্পগুলির মাধ্যমে এখানকার রিসোর্সগুলো সঠিকভাবে ব্যবহৃত হবে এবং চলচ্চিত্র নির্মাতাদের জন্য একটি সহায়ক পরিবেশ তৈরি হবে।”

এফডিসির উন্নয়ন এবং চলচ্চিত্র শিল্পের উন্নতির জন্য মাহফুজ আলমের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সংশ্লিষ্ট শিল্পীরা এবং তিনি আশা প্রকাশ করেছেন যে, এফডিসি দ্রুত উন্নতি লাভ করবে।

তথ্য সূত্র: কালের কণ্ঠ

Leave a Reply